বিশ্বের সেরা ২৪-এ সামানজার, এশিয়া-ওশেনিয়ায় ষষ্ঠ
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য আরেকটি সাফল্য বয়ে এনেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ। ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গুরুত্বপূর্ণ পর্ব ‘বিউটি উইথ আ পারপাস’-এ তিনি বিশ্বের শীর্ষ ২৪টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে শীর্ষ ছয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

মঞ্চে সামানজার (ডান থেকে দ্বিতীয়)
মঞ্চে সামানজার (ডান থেকে দ্বিতীয়)

সামানজার এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তাঁর সামাজিক উদ্যোগ ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ নিয়ে। দেশজুড়ে স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ।

বিজ্ঞাপন

উদ্যোগটির আওতায় সাতটি গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে—ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাতের পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, মুখ ও দাঁতের পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত পরিচ্ছন্নতা।

মঞ্চে বিভিন্ন দেশের প্রতিযোগিদের সঙ্গে (বাঁ থেকে চতুর্থ)
মঞ্চে বিভিন্ন দেশের প্রতিযোগিদের সঙ্গে (বাঁ থেকে চতুর্থ)

এই কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য শুধু সচেতনতা তৈরি নয়, বরং তরুণদের নিজেদের কমিউনিটিতে স্বাস্থ্যবিধি চর্চার দূত হিসেবে গড়ে তোলা।

বিজ্ঞাপন

‘বিউটি উইথ আ পারপাস’-এ বিশ্বের শীর্ষ ২৪ এবং এশিয়া-ওশেনিয়া অঞ্চলের শীর্ষ ছয়ে জায়গা করে নেওয়াকে সামানজার সাঈদ ও বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে তাঁর সামাজিক উদ্যোগটির গুরুত্ব ও সম্ভাবনাও আন্তর্জাতিক পরিসরে সামনে এসেছে।

পুরস্কৃত হচ্ছেন সামানজার
পুরস্কৃত হচ্ছেন সামানজার

সামানজার বর্তমানে ভিয়েতনামে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে তাঁর এই যাত্রা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতিকে আরও এক ধাপ এগিয়ে দিল।

ছবি: এএমটিসি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৭: ৩৩
বিজ্ঞাপন