
রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় প্রসাধনী ও পার্সোনাল কেয়ার প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’। দুই দিনের আয়োজনে দেশি-বিদেশি ৭০টির বেশি ব্র্যান্ড, প্রস্তুতকারক ও বিশেষজ্ঞরা অংশ নিয়ে শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক। আয়োজনটি করেছে স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড, পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশে অবস্থিত রিপাবলিক অব কোরিয়ার দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোটরা) এবং থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি)। টাইটেল স্পনসর ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, গোল্ড স্পনসর কিউট এবং প্লাটিনাম স্পনসর ইঞ্জিনিয়াস রিসোর্সেস।
বাংলাদেশের পাশাপাশি কোরিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত, জাপানসহ বিভিন্ন দেশের শীর্ষ ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন এ আয়োজনে। প্রদর্শনীতে ছিল শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ।

আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফয়সাল মুনিম বলেন, ‘প্রথমবারের আয়োজনে এতটা সাড়া পাব ভাবিনি। আমরা দেশের অন্যতম বড় এই খাতের স্টেকহোল্ডারদের একত্র করতে পেরেছি। কোরিয়াসহ কয়েকটি দেশ বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, যা বড় সাফল্য।’
দেশে কসমেটিকস, টয়লেট্রিজ ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজার বর্তমানে ৩৫ হাজার কোটি টাকার বেশি। ক্রমবর্ধমান নগরায়নের জন্য বাড়ছে এই চাহিদা। উদ্যোক্তারা বলছেন, বিশাল বাজার থাকা সত্ত্বেও ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর, ফলে খাতটি উত্থান-পতনের ঝুঁকিতে থাকে। প্রদর্শনীতে মানসম্মত পণ্য ব্যবহারের গুরুত্ব, নকল ও কালোবাজারি পণ্য প্রতিরোধের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

দুই দিনের এ প্রদর্শনীতে অংশ নেন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন অঙ্গনের তারকা এবং নানা শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন ব্র্যান্ড বুথে ছিল পণ্য প্রদর্শন, বিক্রয়, আকর্ষণীয় ছাড়, অ্যাপ ডাউনলোড ও ইন্টারঅ্যাকটিভ গেমসে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ। শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্লু জিনস ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে পর্দা নামে এ আসরের।
আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রথম আলোর লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশন, মিডিয়া পার্টনার ক্যানভাস, প্রতিদিনের বাংলাদেশ ও বাংলা টেলিগ্রাফ।
ছবি: হাল ফ্যাশন ও আয়োজক