কফি ফেস্ট ২০২৬: কফির সুবাসে মাতোয়ারা রাজধানী
শেয়ার করুন
ফলো করুন

উৎসবের প্রতিদিন দর্শনার্থীদের ভিড় আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর এতেই বোঝা যায় বাংলাদেশে কফি সংস্কৃতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জনপ্রিয়।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই উৎসবে দেশি-বিদেশি নানা কফি ব্র্যান্ড নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। ওমানের প্রিমিয়াম ব্র্যান্ড বন আল কাসাব তাদের আভিজাত্যপূর্ণ কফি ব্লেন্ড দিয়ে নজর কেড়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির উর্বর মাটিতে উৎপাদিত অর্গানিক কফির স্বাদ নিয়ে এসেছে ইন্দোনেশিয়ান স্পেশালিটি কফি।

শুধু কফির স্বাদ নয়, আধুনিক কফি প্রযুক্তি ও লাইফস্টাইলও ছিল এই ফেস্টের অন্যতম আকর্ষণ। কফি টাইম তাদের অত্যাধুনিক ‘বিন-টু-কাপ’ মেশিন সলিউশন প্রদর্শন করেছে, আর বি এইচ কফি ব্রাজিল ও কলম্বিয়ার সিঙ্গেল অরিজিন ড্রিপ কফি দিয়ে কফিপ্রেমীদের মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

তবে আন্তর্জাতিক ব্র্যান্ডের ভিড়েও আলাদা করে নজর কাড়ছে দেশীয় উদ্যোগগুলো। শেরপুরের নালিতাবাড়ী থেকে আসা টিউলিপ কফি স্থানীয়ভাবে উৎপাদিত কফি বিন প্রদর্শন করছে, যা ‘মেড ইন বাংলাদেশ’ কফি সংস্কৃতির এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে রুবিকো এবং কফিটা-এর কাস্টমাইজড ও ভোজ্য কাপ। কফির সঙ্গে ভিজ্যুয়াল অভিজ্ঞতাকেও কীভাবে স্টাইলিশ করে তোলা যায়, সেটিই যেন তারা নতুনভাবে দেখিয়েছে।
বিশ্বখ্যাত নেসক্যাফে আকর্ষণীয় অফার নিয়ে অংশ নিয়েছে এই আয়োজনে। পাশাপাশি জুপ্রেসো ও কফি ল্যাব বাংলাদেশ কফি তৈরির আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

এই আয়োজন শুধু কফিপ্রেমীদের জন্য নয়, নতুন ক্যাফে উদ্যোক্তা ও বারিস্টাদের জন্যও হয়ে উঠেছে শেখার এক অনন্য প্ল্যাটফর্ম। কফি ব্রিউয়িং, বিন নির্বাচন থেকে শুরু করে আধুনিক ক্যাফে কালচার, সবকিছু নিয়েই ছিল নানা আলোচনা ও প্রদর্শনী।
শেষ দিনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ‘দ্য ২০২৬ শিফট’ সেমিনার, যেখানে বাংলাদেশের স্পেশালিটি কফি শিল্পের ভবিষ্যৎ, সম্ভাবনা ও নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা হয়।

ছবি: আনাস আব্দুল্লাহ

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৭: ০০
বিজ্ঞাপন