ত্রিনয়নীর আয়োজনে মিরপুরে চলছে ঈদ আনন্দের মেলা
শেয়ার করুন
ফলো করুন

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন প্রান্তে এখন উৎসবমুখর কেনাকাটার আবহ। সেই আমেজেই এমজেএফ টাওয়ারের দ্বিতীয় তলায় সাজানো হয়েছে ‘ঈদ আনন্দের মেলা’।

দরজা খুলে প্রবেশ করতেই চোখে পড়বে আলোক লিমিটেডের নতুন উদ্যোগ ও বুটিক ‘রূপকথা’। ছিমছাম ও নান্দনিক সাজে সাজানো এই বুটিকে একসঙ্গে ডিসপ্লে করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।

বুটিকের পাশেই বসেছে মেলাটি, যেখানে দেশীয় ঐতিহ্য, উৎসবের আবহ এবং ছিমছাম উপস্থাপনার মিশেলে তৈরি হয়েছে প্রাণবন্ত আয়োজন।

বিজ্ঞাপন

মেলায় রয়েছে দেশীয় পোশাক, গয়না, হ্যান্ডমেড ও ক্র্যাফট পণ্যের সমাহার। পাশাপাশি গাছ ও নানা ধরনের লাইফস্টাইল পণ্যও পাওয়া যাচ্ছে।

ভোজনরসিকদের জন্য রয়েছে মুখরোচক আচার ও হোমমেড খাবারের আয়োজন। আর আড্ডাপ্রেমীদের জন্য পাশেই রয়েছে ‘রূপকথা ক্যাফে’-এর প্রাণবন্ত পরিবেশ। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

বিজ্ঞাপন

এবারের মেলায় অংশ নিয়েছে বাছাইকৃত কয়েকটি উদ্যোগ। এর মধ্যে রয়েছে সুহাসিনী বিডি, ফিউশন বাই চৈতি, বেশ, ফিউশন ক্যানভাস, বাংলা রকার্স, দ্য সিক্সথ সেন্স, ইলোরিয়া কালেকশন, ড্যাজলিং অ্যাটায়ার এবং চরণিকার মতো ব্র্যান্ড।

প্রতিটি স্টলেই মিলছে দেশীয় ছোঁয়ায় তৈরি বৈচিত্র্যময় ও নান্দনিক সব পণ্য। এখানে শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, কুর্তি-পায়জামা, পাঞ্জাবি, টি-শার্ট থেকে শুরু করে আনস্টিচ কাপড়ও পাওয়া যাচ্ছে।

ব্লক, বাটিক, কাঁথাস্টিচ ও ন্যাচারাল ডাইয়ের পোশাকের উপস্থিতি আলাদা করে নজর কাড়ছে।

প্রতিটি স্টলের সংগ্রহই ভিন্নধর্মী। গয়নার দিক থেকেও সমৃদ্ধ এই মেলা।

মুক্তা, অক্সিডাইজড ব্রাশ, কড়ি, সুতা, রেজিন, সিরামিক ও বিডসের কাজ করা হাতে তৈরি নানা ধরনের অলংকার মিলছে এখানে।

বিশেষ করে জেন-জি ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলা রকার্সের অক্সিডাইজড গয়না। ভিন্নধর্মী এই উদ্যোগে তারা গ্রাম হিসাব করে গয়না বিক্রি করছে, যা ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে আরও বেশি।

মেলায় ঢুকলেই চোখে পড়ে জুতার একটি স্টল। পোশাকের সঙ্গে মানানসই মিনিমাল থেকে জমকালো- সব ধরনের জুতা পাওয়া যাচ্ছে সেখানে।

শিশুদের আরামদায়ক ঈদের পোশাকও মিলছে মেলায় । পাশাপাশি রয়েছে নানা ধরনের গাছের সংগ্রহ।

কয়েন প্ল্যান্ট, লিলি কিংবা ফুলসহ ক্যাক্টাসের গাছ গাছপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

আগামী ১৬ মে শনিবার শেষ হবে এই আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। ঈদকে ঘিরে দেশীয় পণ্যের এই উৎসবে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারেন আপনিও।

আন্তরিক ও ছিমছাম পরিবেশে পছন্দের পণ্য ঘুরে দেখা, হাতে নিয়ে বেছে কেনার অভিজ্ঞতা হয়ে উঠতে পারে ঈদের প্রস্তুতিরই আনন্দময় একটি অংশ।

এই মেলার অন্যতম উদ্দেশ্য দেশীয় পণ্যকে তুলে ধরা এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা। আয়োজনের পেছনে রয়েছেন সঞ্জীব গোপ ও পূর্ণিমা প্রভা।

আয়োজক সঞ্জীব গোপ বলেন, “আমরা সাধারণত বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মেলার আয়োজন করি। তবে এবারের এই আয়োজন সম্পূর্ণভাবে আসন্ন ঈদকে ঘিরে।”

আরেকজন আয়োজক পূর্ণিমা প্রভা জানান, “অনলাইন ব্যবসার কারণে উদ্যোক্তারা ক্রেতাদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পান না। এই মেলার মাধ্যমে আমরা সেই সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম দিতে চেয়েছি।”

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮: ১৯
বিজ্ঞাপন