নারীর সৃজনশীলতা ও উদ্যোগকে ঘিরে ক্রাউন প্লাজায় ওয়াও মার্কেট
শেয়ার করুন
ফলো করুন

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সাম্প্রতিক র্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত রুনা খান। প্রদর্শনী ঘুরে দেখে তিনি নারী উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন এবং এমন আয়োজনের জন্য ক্রাউন প্লাজা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রুনা খান বলেন, নারীদের শুধু উৎসাহ নয়, তাঁদের অর্থায়ন, যোগাযোগ ও বাজারের সুযোগ তৈরি করে দেওয়াও জরুরি। বাংলাদেশে নারীদের একটি বড় চ্যালেঞ্জ হলো অর্থায়নে প্রবেশাধিকার। তাই নারীদের অর্থায়নের সুযোগ তৈরি করার দায়িত্ব সমাজের সবার। একই সঙ্গে তাঁদের যোগাযোগের সুযোগও বাড়াতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনলাইন ব্যবসায় নারীরা যেভাবে ভালো করছেন, তা বাংলাদেশের নারীদের সক্ষমতারই প্রমাণ। এই উদ্যোগ শুধু শহরের নারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, গ্রামাঞ্চলের নারীদের মধ্যেও রয়েছে নিজেদের কাজ এগিয়ে নেওয়ার প্রবল আগ্রহ। একজন নারী নিজের জন্য, নিজের পরিবার ও সন্তানের ভবিষ্যতের জন্য একসঙ্গে অনেক দায়িত্ব পালন করে এগিয়ে যাচ্ছেন।

নারীদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে রুনা খান বলেন, নারীকে অসম্মান নয়, সম্মানের সঙ্গে দেখতে হবে। মা, স্ত্রী, মেয়ে কিংবা বোন, সম্পর্ক যা-ই হোক না কেন, নারীর প্রতি সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রায় ৩০টি স্টলে অংশ নিয়েছেন ৪০ জনের মতো নারী উদ্যোক্তা। তাঁদের স্টলে পাওয়া যাচ্ছে হাতে বোনা ও হাতে তৈরি পোশাক, পাট ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পণ্য, ঘরে তৈরি খাবারসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প ও সৃজনশীল সামগ্রী।

বিজ্ঞাপন

আয়োজনে অংশ নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ডিমার্ট, বক্স অব অর্নামেন্টস, অরাম বাংলাদেশ, বেনে বউ, প্রতিভা, রশনীস ক্রিয়েটিভিটি, রংধনু ক্রিয়েশন, ঈহা, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, অ্যাকশনএইড, বাহ রিয়াস ক্রিয়েশন, উদ্যোগী,  পিতল এড্রোন,  ট্রেন্ডস ফর বিবি বাক্স, মায়ের হাতের কাজ, পিন্ধন, শিউলি ক্রাফটস অ্যান্ড ক্রিয়েশন, ডিজাইন বাই রুহিনা, মহো, শারমিন বুটিক হাউজ, রোসেলা, রাখি, জারিনস ক্রিয়েশন, উত্তরন বুটিকস, স্বপ্ন কথা, আলিফা আচার ঘরসহ আরও বেশ কিছু উদ্যোগ।

‘ওয়াও মার্কেট’ শুধু কেনাবেচার জায়গা নয়, নারী উদ্যোক্তাদের নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি তাঁদের কাজের গল্প বলার এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগও করে দিচ্ছে। প্রথম আয়োজনে ছয় শতাধিক দর্শনার্থী এবং ৫০ জনের বেশি নারী উদ্যোক্তা অংশ নিয়েছিলেন। তাঁদের অনেকে নতুন ক্রেতা, পরিচিতি ও ব্যবসায়িক সুযোগ পেয়েছেন।

এবারের আয়োজনে সামাজিক দায়বদ্ধতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি অংশগ্রহণকারী উদ্যোক্তা তাঁদের স্টলের জন্য তিন হাজার টাকা করে প্রদান করেছেন। এই অর্থের পুরোটাই অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগ ‘মজার স্কুলে’ দেওয়া হবে। ফলে নিজেদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক কল্যাণেও অবদান রাখার সুযোগ তৈরি হয়েছে।

নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি ও সামাজিক প্রভাবকে আরও বিস্তৃত করতে এবারের আয়োজনে যুক্ত হয়েছে অ্যাকশনএইড ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের এই আয়োজনটি আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের ‘গিভিং ফর গুড’ মাসের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি সমাজে ইতিবাচক অবদান রাখার উদ্যোগও বাস্তবায়িত হচ্ছে।

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের মহাব্যবস্থাপক কার্থি ভি. কে. বলেন, নারীদের সঠিক সুযোগ ও প্ল্যাটফর্ম দেওয়া হলে তাঁদের সৃজনশীলতা ও দক্ষতা আরও বড় সম্ভাবনায় রূপ নিতে পারে। প্রথম আয়োজনের ইতিবাচক সাড়া তাঁদের নতুন করে এই আয়োজন করতে উৎসাহিত করেছে। এবারের আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সহযোগিতার পাশাপাশি মজার স্কুলে অবদান রাখার সুযোগ তৈরি হওয়াটিও তাঁদের জন্য গুরুত্বপূর্ণ।

দিনব্যাপী ‘ওয়াও মার্কেট’-এ নারী উদ্যোক্তাদের পাশাপাশি পরিবার, পেশাজীবী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে। আয়োজকদের মতে, একজন নারী উদ্যোক্তার কাছ থেকে পণ্য কেনা শুধু কেনাকাটা নয়, তাঁর শ্রম, সৃজনশীলতা ও উদ্যোগকে সমর্থন করারও একটি উপায়।

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪০
বিজ্ঞাপন